অবিরাম বৃষ্টিতে মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে ফুটে উঠেছে হাজারো খানাখন্দ। দেখা দিয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টির পানিতে ভেসে গেছে সড়ক গুলোর কার্পেটিং। আবার পিচ উঠে সড়কে জুড়ে ওই খানাখন্দের সৃষ্টির হয়েছে। শহরের মানিকপুর থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। বৃষ্টিতে প্রায় ২ কিলোমিটার এ সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তের শেষ নেই। এতে এ সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে নানা রকমের অসুবিধা দেখা দিয়েছে। একই সঙ্গে এ সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়ক পথ দিয়ে সাধারণ মানুষের চলাচলে অনুরূপ অসুবিধা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। পৌর শহরের রাস্তা স্থায়ী সংস্কার না করায় পৌরবাসী বিরক্তি প্রকাশ করছেন।
গত ২ মাস আগেও এ সড়কে নাম মাত্র সংস্কার করা হয়েছে। বৃষ্টিতে বিভিন্ন অংশে ছোট্ট ছোট্ট গর্তের সৃষ্টি হয়েছে। তাতে বৃষ্টির পানির জমাট বাঁধলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এখানে বৃষ্টির পানিতে এ পথে চলাচলকারীরাও পড়ে নানা রকমের বিড়ম্বনায়। এ সড়ক পথটি সবার কাছে নানাভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে, এ সড়ক পথটি হচ্ছে জেলা শহরে প্রবেশ পথ। জেলার একাধিক উপজেলার লোকজন এ পথ ধরেই জেলা শহরে আসা-যাওয়া করে থাকে। তাছাড়া এ সড়ক পথের পাশেই রয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। ফলে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের।
এদিকে, টানা বৃষ্টিতে শহরের থানারপুল মোড় থেকে সদর থানা হয়ে পুরাতন কাচারী পর্যন্ত সড়ক নাজুক অবস্থায় রূপ নিয়েছে। সুপার মার্কেটের সামনে আসলেই খানাখন্দের চিত্র যে কারো চোখে পড়বে। অটোরিকশা কিংবা মিশুক থেকে শুরু করে যে কোন যানবাহন চলাচল করতে গেলে দোল খেতে হয় এ সড়কে।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিন বলেন, এ সরকারের আমলে জারা ২ মাস আগে এই সড়ক সংস্কার করেছেন। তাদের কাজ ভালো হয়নি। তাই আবারও সড়ক নষ্ট হয়ে গেছে।
শহরের মানিকপুর এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, এ সড়ক পথটি অনেক দিন ধরে এ অবস্থায় রয়েছে। সড়ক পথটি স্হায়ী ভাবে দ্রæত মেরামত করা প্রয়োজন। আমাদের এলাকায় হাসপাতাল রয়েছে। চলাচলে অসুস্থদের ভোগান্তি নিত্যদিন।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুনতাসির মাহফুজের কাছে সড়ক খানাখন্দের বিষয় জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসন অবগত রয়েছে। একটু সময় লাগবে কাজের বিষয়। তিনি বলেন, আমরা সড়কের উন্নয়নে প্রজেক্ট দিয়েছি।