প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের আজিজুল হাকিম রিপনের (৪৭) বাগানে ঢুকলেই চোখে পড়ে সারি সারি বিদেশি ফলের গাছ। কোথাও গাছে ঝুলছে পাকা অ্যাভোকাডো, কোথাও বিরল জাতের কাঁঠাল, আবার কোথাও ছবেদা, পার্সিমন, লংগান কিংবা ব্ল্যাক সাপোটে। প্রায় এক একরজুড়ে গড়ে ওঠা এই বাগানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩২০ প্রজাতির ফলগাছ। এর মধ্যে প্রায় ১০০ জাতের অ্যাভোকাডোই এখন সবচেয়ে বড় আকর্ষণ।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানে কর্মীরা অ্যাভোকাডো সংগ্রহে ব্যস্ত। দেশের বিভিন্ন জেলা থেকে ফলচাষি, কৃষি উদ্যোক্তা ও দর্শনার্থীরা বাগানটি দেখতে এবং উন্নত জাতের চারা সংগ্রহ করতে আসছেন। বিদেশি ফল চাষে আগ্রহীদের কাছেও এটি এখন পরিচিত একটি ঠিকানা।
রিপন জানান, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন দেশে ভ্রমণের সময় তিনি বিদেশি ফলের চারা ও সায়ন সংগ্রহ করতেন। কয়েক বছর আগে শখের বসে বাড়ির আঙিনায় সেসব চারা রোপণের মাধ্যমে বাগান গড়ে তোলেন। পরে দীর্ঘ সময় ধরে ফলন, স্বাদ, গুণগত মান ও স্থানীয় আবহাওয়ার সঙ্গে অভিযোজন ক্ষমতা যাচাই করে উন্নত জাতগুলো সংরক্ষণ করেন এবং অনুন্নত জাতের গাছ বাদ দেন। সেই শখই আজ বাণিজ্যিকভাবে সফল একটি বিদেশি ফলের বাগানে পরিণত হয়েছে।
বর্তমানে তাঁর বাগানে রয়েছে প্রায় ১০০ প্রজাতির অ্যাভোকাডো, ৮০ প্রজাতির কাঁঠাল, ৪০ প্রজাতির ছবেদা, ১০ প্রজাতির ম্যাংগোস্টিন পরিবারের ফল, ৩০ প্রজাতির আতা, পাঁচ প্রজাতির পার্সিমন, ৪০ প্রজাতির ব্ল্যাক ও হোয়াইট সাপোটে, ১০ প্রজাতির লংগানসহ প্রায় ৩২০ প্রজাতির বিদেশি ফলের গাছ। এ বাগানকে কেন্দ্র করে স্থানীয় অন্তত ১০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
আজিজুল হাকিম রিপন বলেন, শখ থেকেই শুরু করেছিলাম। পরে ভালো ফলন, মানুষের আগ্রহ ও বাজারের চাহিদা দেখে এটিকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করি। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার বাগানে আসছেন এবং উন্নত জাতের চারা সংগ্রহ করছেন।
তিনি জানান, প্রায় ১০০ জাতের অ্যাভোকাডোর মধ্যে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ৩৫টি ফলধরা জাত নির্বাচন করা হয়। সেখান থেকে মাত্র ১১টি উন্নত, সুস্বাদু ও ক্রিমজাতীয় জাত চূড়ান্তভাবে বেছে নিয়েছেন। বর্তমানে তাঁর বাগান থেকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি অ্যাভোকাডো ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই সফলতার ধারাবাহিকতায় গাজীপুরের মাওনায় সাত বিঘা জমিতে উচ্চ ফলনশীল অ্যাভোকাডোর নতুন বাগান গড়ে তুলছেন তিনি। পাশাপাশি সিরাজদীখানেও আরও বড় পরিসরে বিদেশি ফলের বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে রিপনের পরামর্শ, চারা কেনার আগে অবশ্যই ফলন্ত ও পরীক্ষিত বাগান সরেজমিনে দেখে নেওয়া উচিত। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং স্থানীয় পরিবেশের উপযোগী ভালো জাতের চারা নির্বাচন করা সহজ হবে।
তবে সরকারি কারিগরি সহায়তার অভাবের কথাও তুলে ধরেন রিপন। তাঁর দাবি, উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে বিদেশি ফল চাষ আরও বিস্তৃত করা সম্ভব। পাশাপাশি অনাবাদি ও খাসজমি বিদেশি ফল চাষের জন্য বরাদ্দ এবং অমৌসুমি ফল সংরক্ষণের লক্ষ্যে একটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনে সরকারি সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রিপনের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। আমি শিগগিরই সরেজমিনে তাঁর বাগান পরিদর্শন করব। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। এমন উদ্যোগ আমাদের এলাকায় বিদেশি ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি করবে।