হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা। পরে বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলীম, জেলা সদস্যসচিব মারুফ হাসান মন্টি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, এম এ কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আনিস-উর-রহমান, জেলা যুবশক্তির আহ্বায়ক আজিম সরদার বিপ্লব এবং ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসানসহ দলীয় নেতাকর্মীরা।