ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় প্রতিদিন সরগরম হয়ে উঠেছে বিকেলের বাজার। শাকসবজি, দেশি মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য কিনতে ভিড় করছেন আশপাশের গ্রাম ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। বিকেল থেকেই হাঁকডাক ও দরদামের আওয়াজে মুখর হয়ে ওঠে এলাকা।
গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের পাশে খোলা জায়গায় পাটাতন পেতে বসেছেন অন্তত ৪০ জনের মতো বিক্রেতা। কারও সামনে ক্ষেতের শাকসবজি, কারও কাছে নদীর মাছ, কেউবা বিক্রি করছেন দেশি মুরগি ও গরুর মাংস।
বাজারে শাকসবজি বিক্রি করছিলেন কেয়াইন গ্রামের মো. ফরিদ হোসেন। তিনি বলেন,শাকসবজি কিনে বিকেলে এখানে বসে বিক্রি করি। সন্ধ্যার আগেই সব বিক্রি হয়ে যায়। বেচাবিক্রিও ভালো হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ টাটকা শাকসবজি কিনতে আসে। এজন্য দিন দিন মানুষের সমাগম বাড়ছে।
দেশি মাছ বিক্রি কর ছিলেন শামীম মিয়া। তিনি বলেন,এই জেলার নদ-নদীতে ধরা দেশি মাছই কিনে এনে বিক্রি করি এখানে। মাছ দেখেই স্থানীয় থেকে শুরু করে দূরের মানুষ কিনে নিচ্ছেন। বেচাবিক্রি ভালো হচ্ছে। কারণ এখানকার শাকসবজি, মাছ-মাংস,সবই একেবারে টাটকা। সবজি কিনতে আসা কেয়াইন ইউনিয়নের গৃহবধূ শারমিন আক্তার বলেন,এই বাজারে জিনিসপত্র খুবই টাটকা থাকে। আজ ১০ টাকায় এক আঁটি লালশাক কিনেছি, অন্য বাজার হলে ১৫-২০ টাকা লাগত।
অপর আরেক ক্রেতা সরকারি কর্মচারী মো. হাসানুজ্জামান বলেন,আমি সিরাজদীখানে একটি সরকারি অফিসে চাকরি করি। প্রতিদিন অফিস শেষে নিমতলা বাজার থেকে কাঁচাবাজার করে ঢাকায় নিয়ে যাই। এখানকার শাকসবজি, মাছ-মাংস একদম টাটকা, তাই এখান থেকেই কিনে নিয়ে যাই।#