মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্রাম। আর এ গ্রামের শিমুলতলা বাজারের অদুরে সিকদার বাড়ি সড়ক। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে ৩০০ মিটার জুড়ে জমে যায় হাটু পানি। আবার টানা বৃষ্টি হলে সেখানে দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে চার-পাঁচ বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় প্রায় আড়াই হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা সুমন মোল্লা বলেন, এখানে আগে একটি খাল ছিল। চার-পাঁচ বছর আগে খালে বালু ফেলে রাস্তা তৈরি করে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়। কিন্তু আশেপাশের বাড়িগুলো উঁচু করায় রাস্তাটি নিচু হয়ে পড়েছে। ফলে বাড়ির পানিও রাস্তায় নেমে আসে। বৃষ্টির পানি কোন দিক দিয়ে বের হতে পারে না, এখানেই জমে থাকে। সামনে মসজিদ থাকলেও মুসল্লিরা পানি ভেঙ্গ নামাজ আদায়ে যেতে দুর্ভোগে পড়েন।
মো. রাজু বলেন,সামান্য বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে যায়। তখন কেউ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় শুধু শুকানোর অপেক্ষায় থাকতে হয়। শুকিয়ে গেলেও কাঁদা হয়ে যায়, তাতেও চলাচল কঠিন হয়ে পড়ে। মাসের পর মাস এভাবেই কষ্ট পেতে হয়। হাট-বাজারে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। গ্রামের প্রতিনিধিদের কাছে একাধিক বলার পরেও কোন সংস্কার হয়নি।
স্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, এই রাস্তা দিয়েই আমাদের স্কুলে যেতে হয়। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘদিন। এতে তারা নিয়মিত স্কুলে যেতে পারছে না। এ অবস্থায় সড়কে শিগগিরই পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় বাসিন্দা।#