প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
কাজী সাব্বির আহমেদ দীপু
ঘন ঘন লোডশেডিংয়ে মুন্সীগঞ্জে জনজীবন বিপর্যস্ত
বিপাকে শিক্ষার্থীসহ বৃদ্ধ ও শিশুরা
রোববার সকাল-বিকেল ৭ দফা লোডশেডিং
টানা এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে মুন্সীগঞ্জের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালের রোগী, অফিসগামী মানুষ এবং সাধারণ বাসিন্দারাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সবশেষ রোববার (২ আগষ্ট) ভোর রাত থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় প্রায় এক ঘণ্টা পরপর ৭ দফা বিদ্যুৎ লোডশেডিং হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার খেলায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় তাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা।
সরকারি হরগঙ্গা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুপুর আক্তার বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে হচ্ছে।
শুধু শিক্ষার্থীরাই নন, লোডশেডিংয়ের কারণে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও উৎপাদন ও বেচাকেনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ফ্রিজনির্ভর ব্যবসা, রেস্তোরাঁ এবং অনলাইনভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুতের বারবার যাওয়া-আসায় ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।
জেলায় জেনারেল হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোগেও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। যদিও হাসপাতালগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, তবুও ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে গরমে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা বেশি কষ্ট পাচ্ছেন বলে স্বজনর জানিয়েছেন ।
এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে গৃহস্থালির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিশু ও বয়স্করা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা ও অফিসের কাজেও প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক সপ্তাহের বেশী সময় থেকে লোডশেডিংয়ের মাত্রা ক্রমেই বেড়েছে। তবে রোববার ভোর সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত সময়ে এক ঘণ্টা পরপর ৭ দফা বিদ্যুৎ চলে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ( পরিচালন ও রক্ষনাবেক্ষন) মুহাম্মদ সোহরাব আলী বলেন, জেলায় প্রতিদিন বিদ্যুৎ চাহিদা ১৭৫ থেকো ১৮০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ১১০ থেকে ১১৫ মেগাওয়াট। প্রতিদিন ৬০ মেগওয়াট ঘাটতির কারনে লোডশেডিং চলছে।