প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
পঞ্চসারের গোসাইবাগ এলাকায় অভিযান দেড় লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১ লাখ ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জনসমক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত