তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জাপানে কাজের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন জাপানের সংসদ সদস্য মাতসুশিতা শিম্পেই। একই সঙ্গে বাংলাদেশে জাপানি প্রযুক্তির উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডা. খবির উদ্দীনের বাড়িতে মতবিনিময়কালে এসব কথা বলেন জাপানের এই সংসদ সদস্য।
এর আগে সফরের অংশ হিসেবে মাতসুশিতা শিম্পেই ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রমসহ স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
মতবিনিময়কালে মাতসুশিতা শিম্পেই বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এখানে বিশাল তরুণ সমাজ রয়েছে। জাপান ও বাংলাদেশ যৌথভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জাপানে তাঁদের কাজের সুযোগ নিয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যান, তাঁদের যাতে দেশেই জাপানি প্রযুক্তির উন্নত চিকিৎসাসেবা দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও মেট্রোরেলকে জাপানের আদলে আরও উন্নত করার চেষ্টা করা হবে।
সিরাজদীখান উপজেলা নিয়েও নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন জাপানের এই সংসদ সদস্য।
মতবিনিময় অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ডা. খবির উদ্দীনের ছেলে ও জাপানি আইসোডো কোম্পানির কর্ণধার হিমু উদ্দিন এবং উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের জাপানপ্রবাসী নুরুল ইসলাম খান।