মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন,শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে সিরাজদীখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মরদেহ আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
নিহত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় শ্রমিক। তিনি পরিবার নিয়ে লালবাড়ী গ্রামে মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে শেরপুর থেকে লালবাড়ী এলাকায় আসে জিতনী। এর মধ্যেই শুক্রবার পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।