প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
সিরাজদীখানে বৃষ্টিতে ধসে পড়া সড়ক দ্রুত মেরামত করলেন ইউএনও রুম্পা ঘোষ
আব্দুল্লাহ আল মাসুদ
টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসমদ্দিন গ্রামের পাকা সড়কের পাশের মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেরামতকাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে বালুচর-মোল্লার বাজার পাকা সড়কের চর চসমদ্দিন অংশে প্রবল স্রোতে সড়কের পাশের মাটি সরে যায়। এতে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বিষয়টি জানতে পেরে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ দ্রুত ব্যবস্থা নেন। তিনি বালুচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন ও জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে দ্রুত মাটি ভরাট ও সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।
মেরামতকাজ শেষে সড়কটি আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে বালুচর-মোল্লার বাজার সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
চর চসমদ্দিন এলাকার এক বাসিন্দা বলেন, বৃষ্টিতে সড়কের পাশের মাটি ধসে যাওয়ায় রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। খবর পাওয়ার পর ইউএনও দ্রুত ব্যবস্থা নেওয়ায় সড়কটি দ্রুত মেরামত হয়েছে।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ভারী বর্ষণের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। খবর পাওয়ার পর বালুচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হয়। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত