প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করল মিরকাদিম পৌর বিএনপি
নাজমুল হাসান শাওন
মিরকাদিম পৌরসভার সারের গুদামে কর্মরত শ্রমিকদের করা চাঁদাবাজির অভিযোগ এবং তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে মিরকাদিম পৌর বিএনপি।
গতকাল রোববার বিকেলে মিরকাদিম পৌরসভার রিকাবিবাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মাদবরসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েল ও পৌর যুবদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন রবীনের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ অসত্য। তাদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য চাওয়া হয়নি।
তাদের অভিযোগ, গত ৫ আগস্ট একটি ফেসবুকভিত্তিক অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ ও ভিডিও প্রতিবেদনে রয়েল ও রবীনকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ অভিযোগের সত্যতা যাচাই কিংবা অভিযুক্তদের বক্তব্য গ্রহণ ছাড়াই সংবাদটি প্রচার করা হয়েছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৬ আগস্ট আল হেলাল রয়েল ও সাদ্দাম হোসেন রবীন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে তারা অভিযোগের দ্রুত, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি তদন্ত চলাকালে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়ার আবেদন করেন।
এ ছাড়া অভিযোগকারীদের কাছে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপনের নির্দেশনা এবং অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত