প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নাজমুল হাসান শাওন
মুন্সীগঞ্জে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সংযোজনকে সামনে রেখে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এবং জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।
এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন ভূঁইয়া, দেবরাজা মালাকার ও ডা. ফারজানা আক্তার, ইউনিসেফ প্রতিনিধি ডা. সাব্বির রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জামসেদ ফরিদ, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হুমায়ুন রাজি, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এটিএম ওবায়দুল্লাহ, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আঃ মালেক এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিল আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় আরও অংশ নেন জেলার ছয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা, বিভিন্ন মসজিদের ইমাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ।
স্বাগত বক্তব্যে ডা. সাজেদা বেগম বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২০২৩ সালে ঢাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে এখন এটি দেশের অন্যান্য জেলায় সম্প্রসারণ করা হচ্ছে। তিনি জানান, এই রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদেরও উদ্বুদ্ধ করতে হবে, যাতে কিশোরীরা নির্ধারিত বয়সে এই টিকা গ্রহণ করে।
সিভিল সার্জন জানান, ২০২৬ সালে মুন্সীগঞ্জ জেলায় ২ হাজার ৮০৮ জনকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য আলাদা কোনো বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে না; নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেই টিকা গ্রহণ করা যাবে।
তিনি আরও বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ রোগ মোকাবিলা করা সম্ভব।