প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
গজারিয়ায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকা অনুযায়ী, উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৫ হাজারের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬৭৫ এবং নারী ভোটার ৭৫ হাজার ৩৩২ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬০টি এবং ভোটকক্ষ ৩৪১টি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়াকান্দি, বাউশিয়া, ভবেরচর, গজারিয়া, গুয়াগাছিয়া, হোসেন্দী, ইমামপুর ও টেংগারচর ইউনিয়নে এসব ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক মোল্লার পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খসড়া তালিকায় কোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিত ভাবে আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব আবেদন জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া দাবি ও আপত্তির ওপর সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ আগামী ২৩ আগস্টের মধ্যে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
এদিকে খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশের মধ্য দিয়ে গজারিয়ায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে আরও এক ধাপ এগিয়ে গেল। নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র গুলোর অবস্থান, ভোটকক্ষের সংখ্যা ও ভোটার সংখ্যা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত