প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
এসএসসির ফলাফল: শীর্ষে গজারিয়া পাইলট, তলানিতে অসডার একাডেমি
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী প্রকাশিত ফলাফলে গজারিয়া উপজেলার মাধ্যমিক ও সমমানের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পুরো উপজেলায় সার্বিক পাশের হার ৬৩.০২% এবং মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফলের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় সূচকেই উপজেলার শীর্ষ স্থান দখল করেছে গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হয়েছে যার মধ্যে সর্বোচ্চ ১৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং পাশের হার ৮৮.৯৮%। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে হোসেন্দী দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি থেকে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন কৃতকার্য হয়েছে যার পাশের হার ৮৮.০০% তবে কোনো জিপিএ-৫ নেই। তৃতীয় স্থানে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। এখান থেকে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে এবং ২ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির পাশের হার ৮৪.৬২%।
এছাড়া জিপিএ-৫ অর্জনের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির থেকে ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, প্রতিষ্ঠানটির পাশের হার ৬১.০৬%। জিপিএ-৫ এর হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় ও গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। উভয় প্রতিষ্ঠান থেকে ৬জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে প্রকাশিত ফলাফলে উপজেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে অসডার একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কৃতকার্য হতে পেরেছে মাত্র ২২ জন। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি এবং বিদ্যালয়টির পাশের হার উপজেলার মধ্যে সর্বনিম্ন ৩৪.৩৮%।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গজারিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা ৫টি মাদ্রাসায় মোট ২১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পেরেছে ১১৮ জন শিক্ষার্থী। যেখানে অকৃতকার্য হয়েছে ৯৬ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে মাত্র ৩ জন শিক্ষার্থী। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানভিত্তিক পাশের হারে শীর্ষ স্থানে রয়েছে মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসা; ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাশ করায় তাদের সাফল্যের হার ৬৯.৭০% এবং একমাত্র এই প্রতিষ্ঠানটি থেকেই ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ৫৭.৮৯% পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তৃতীয় স্থানে থাকা গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হওয়ায় তাদের পাশের হার ৪৯.২৮%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হাসান বলেন, 'উপজেলার পাশের হার সার্বিকভাবে সন্তোষজনক হলেও যেসব প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলক পিছিয়ে রয়েছে সেগুলোর একাডেমিক মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত