সোমবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরিক্ষা ফলাফল। এবার মুন্সীগঞ্জ জেলায় মোট ১২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ১৪১ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৭১ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে ৩৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জেলা ভিত্তিক ফলাফলে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন পাস করেছে। পাসের হার ৮০ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার সিরাজদিখান উপজেলায়, ৬৬ দশমিক ৮৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ উপজেলায় ৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১ দশমিক ৮ শতাংশ। এ উপজেলায় সর্বোচ্চ ১২২ জন জিপিএ-৫ পেয়েছে।
লৌহজংয়ে ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। শ্রীনগরে ২ হাজার ৬৫৮ জনের মধ্যে ২ হাজার ২১ জন উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় পাসের হার ৭৬ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
টংগিবাড়ীতে ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৫২ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। গজারিয়ায় ১ হাজার ৫০৮ জনের মধ্যে ১ হাজার ১৩ জন পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
সেরা পঞ্চসার আইডিয়াল:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে সদর, লৌহজং, শ্রীনগর ও টংগিবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়। তালিকায় ১০০ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট।
জেলায় পাসের হারের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৪১ জন।
তালিকায় প্রথম অবস্থানে থাকা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটের ৪২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
৯৫ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীনগরের বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম বালাশুর বিসমিল্লাহ হাইস্কুল। উভয় প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ। বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়ের ৩২ জনের মধ্যে ৩০ জন এবং পশ্চিম বালাশুর বিসমিল্লাহ হাইস্কুলের ১৬ জনের মধ্যে ১৫ জন পাস করেছে।
ষষ্ঠ অবস্থানে থাকা লৌহজংয়ের হালদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
সপ্তম অবস্থানে রয়েছে সদর উপজেলার চরবানিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পাস করায় প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৮৬ শতাংশ।
অষ্টম অবস্থানে টংগিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
নবম অবস্থানে রয়েছে শ্রীনগরের মাজিদপুর দয়হাটা কাফিল উদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটির ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।
আর ৯১ দশমিক ৪৩ শতাংশ পাসের হার নিয়ে দশম অবস্থানে রয়েছে শ্রীনগরের রুশদি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
বেশি জিপিএ-৫ ইয়াজউদ্দিন স্কুলের;
এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৪১ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া ২৪৯ শিক্ষার্থীর মধ্যে ২৪৬ জন উত্তীর্ণ হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮০ শতাংশ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় মোট ২৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২২৯ জন নিয়মিত এবং ২০ জন অনিয়মিত পরীক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৪৬ জন। অকৃতকার্য হয়েছে তিনজন, যারা সবাই অনিয়মিত পরীক্ষার্থী।
ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ১২৬ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ৫৪ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ২০ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে পাঁচজন। অনিয়মিত তিন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী ‘এ’ গ্রেড অর্জন করেছে।
এরপর রয়েছে মুন্সীগঞ্জ কে কে সরকারি ইনস্টিটিউশন—১৮ জন, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়—১৭ জন এবং এ.ভি.জে.এম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়—১৭ জন। গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪ জন এবং কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় আরও রয়েছে ভাবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়—১১ জন এবং রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়—১০ জন। পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটের ৪২ পরীক্ষার্থীর সবাই পাস করায় প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।