প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ এবং পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী। এ সময় তাঁরা বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।
গতকার মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে কলেজটির প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ নিয়ে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হলে তা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত অভিযোগ তদন্ত করে বর্তমান কমিটি পুনর্গঠন এবং নিয়ম অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
বিক্ষোভ ও মানববন্ধনে মোয়াজ্জেম হোসেন বাবুল, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সিদ্দিক মোল্লা, নাসিম খান, মানিছউদ্দিন, কেএম শাহ জামাল, খায়ের হোসেন, শাহাদাৎ শিকদার, মোস্তাফিজুর রহমান রিপন, হাফেজ আলমগীর, মনির হোসেন, নজরুল ইসলাম সবুজ, মাসুম, দেলোয়ার, মজিবর রহমান, গিয়াসউদ্দিন, সুজন, মঞ্জু, ইকবাল, শুভ, পারভেজ ও লিছানসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভকারীরা কলেজের প্রধান ফটকের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি দ্রুত তদন্ত করে নিষ্পত্তি এবং নিয়মতান্ত্রিকভাবে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বা বর্তমান পরিচালনা পর্ষদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত