প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
কাজী সাব্বির আহমেদ দীপু
৩৩ বছরের প্রতীক্ষা শেষ, মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক এখন দৃশ্যমান

নির্মাণ কাজ ৬০ ভাগ সম্পন্ন-প্রধান নির্বাহি কর্মকর্তা

সেপ্টেম্বর মাসের মধ্যে শতভাগ শেষ করার লক্ষ্য
দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষা শেষ। দৃশ্যমান হয়ে ওঠেছে বহু কাঙ্ক্ষিত মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক। শিশুদের জন্য আধুনিক ও আকর্ষণীয় বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য রঙিন মাল্টি-রাইড রাইডার, স্লাইডার, সি-স, ওয়েভ স্লাইড এবং আধুনিক সরঞ্জাম বসানোর কাজ দৃশ্যমান। গত ২ এপ্রিল নির্মাণ কাজের উদ্বোধনের পর ৫ মাসে সম্পন্ন হয়েছে ৬০ ভাগ।
বর্তমানে নির্মাণাধীন আধুনিক পৌর শিশু পার্কের চারপাশের সৌন্দর্যবর্ধন, ইট বসিয়ে ওয়াকওয়ে বা হাঁটার পথ তৈরি, সীমানা প্রাচীর নির্মাণ, ফুটসাল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, নেট ক্রিকেট পিচ এবং ড্রেনেজ ও ঢালাইয়ের কাজ পুরোদমে চলছে। চলমান কর্মযজ্ঞ দেখে সকলের মনে প্রশান্তি মিলবে এমনই মন্তব্য স্থানীয়দের।
মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে নির্মানাধীন পার্কটিতে রাত্রিকালীন ফ্ল্যাড লাইটের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পৌরসভার প্রথম নির্বাহি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। মঙ্গলবার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব ও প্রধান নির্বাহি কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম।
জানা গেছে, ১৯৯৩ সালে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে শিশু পার্ক নির্মাণের জন্য জমি ক্রয় করা হলেও দীর্ঘ ৩৩ বছরেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ২০২৫ সালের অক্টোবর মাসে বর্তমান প্রশাসক মৌসুমী মাহবুবের বিশেষ উদ্যোগে পার্কটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনা ও নকশা প্রণয়ন করা হয়। ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে তৎকালীন জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাত'র প্রাথমিক দিক-নির্দেশনায় এবং বর্তমান জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর তত্ত্বাবধানে পার্ক নির্মাণ পরিকল্পনা ও ডিজাইন চূড়ান্ত করা হয়।

একই সঙ্গে পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব পৌর শিশু পার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছরের ডিসেম্বরে টেন্ডার বিজ্ঞপ্তি আহ্বান করেন। সরকারি ক্রয় বিধি ( পাবলিক প্রসিকিউরমেন্ট
বিধিমালা-পিপিআর) অনুসরণ করে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পৌরসভার প্রকৌশল বিভাগ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। গত ৮ মার্চ পার্কের ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
পৌরসভার প্রধান নির্বাহি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পার্কটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পার্কটি চালু হলে মুন্সীগঞ্জ পৌর এলাকার প্রায় ৪০ হাজার শিশু-কিশোর একটি মানসম্মত ও সুস্থ বিনোদনের স্থায়ী ঠিকানা পাবে। তিনি আরও বলেন, পেশাদার স্থাপত্য প্রতিষ্ঠান ‘প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড’-এর নকশায় ১ দশমিক ৩৬ একর জমির ওপর এই আধুনিক পার্কটি নির্মিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।
পার্কের আধুনিক সুযোগ-সুবিধা
=====================
পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের জন্য একাধিক আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে। সেগুলো হচ্ছে- পার্কটিতে থাকছে- Sports Zone (ক্রীড়া অঞ্চল) নামে ফুটবল খেলার জন্য আধুনিক ফুটসাল (Futsal) গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট এবং ক্রিকেট নেট প্র্যাকটিস পিচ।

শিশুদের বিনোদনের জন্য থাকছে, আকর্ষণীয় ৭৫ ফুট উচ্চতার ফেয়ারি হুইলস (Fairy Wheels), ট্রামপোলিন, জঙ্গল জিম এবং আধুনিক মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশন। রাইডসমূহ:- শিশুদের প্রিয় দোলনা, স্লাইডিং, সী-স এবং স্প্রিং রাইডার।
এছাড়া নাগরিক সুবিধার জন্য রয়েছে, সুপরিকল্পিত ওয়াকওয়ে, সবুজায়ন, বসার জায়গা, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন এবং আধুনিক টয়লেট ব্লক। অন্যদিকে নিরাপত্তা ও নান্দনিকতা জন্য রাখা হয়েছে একাধিক উদ্যোগ। তা হলো পার্কের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে থাকবে পর্যাপ্ত লাইট পোস্ট এবং দুটি সুদৃশ্য প্রবেশদ্বার।