প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রতিদিন স্কুলে অনামিকা
মো. মাসুম, হাসান আফিফ, টঙ্গীবাড়ি
হাঁটাচলা করতে কষ্ট হয়। একা বিদ্যালয়ে চলাফেরা ও ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নানা সীমাবদ্ধতা। তার ওপর পরিবারের আর্থিক সংকট। এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ হারায়নি ১৩ বছর বয়সী অনামিকা। ঝড়-বৃষ্টি কিংবা অন্য কোনো বাধা তাকে বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে না। প্রতিদিন সকাল ১০টার আগেই বিদ্যালয়ে পৌঁছে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করে বাড়ি ফেরে সে।
অনামিকা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াজেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘খ’ শাখার শিক্ষার্থী। তার রোল নম্বর ৪৫। বিদ্যালয়টিতে বর্তমানে মোট শিক্ষার্থী ৫৭৬ জন।
অনামিকার বাবা বীরেন বিশ্বাস ও মা বীণা রানি দে। তাঁদের বাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামে। পরিবারটির আর্থিক অবস্থাও ভালো নয়। কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বীরেন বিশ্বাস। এরপর এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনে সেটি চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছেন তিনি।
বীরেন বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে জন্মগতভাবে প্রতিবন্ধী। সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি, কিন্তু পুরোপুরি সুস্থ করতে পারিনি। এর মধ্যে আমিও স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছি। মেয়ের ভবিষ্যৎ নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি।’
মা বীণা রানি দে বলেন, ‘মেয়ের বয়স বাড়ছে। চিকিৎসা করাতে পারলে হয়তো সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারত। সরকার যদি তার চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে আমাদের মতো অসহায় পরিবারের জন্য অনেক উপকার হতো।’
অনামিকার সহপাঠীরা জানায়, শারীরিক কষ্ট থাকলেও সে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়াশোনায় তার আগ্রহ অনেক। একা চলাফেরা করতে অসুবিধা হওয়ায় সহপাঠীরা পালাক্রমে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। তাদের আশা, যথাযথ চিকিৎসা ও সহায়তা পেলে অনামিকা আরও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘অনামিকা অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পড়াশোনার প্রতি তার আগ্রহ প্রশংসনীয়। হেঁটে বিদ্যালয়ে আসতে তার অনেক কষ্ট হতো। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে একটি হুইলচেয়ার ও পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনামিকার বাবা অসুস্থ হওয়ায় পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। সরকারের কাছে আমাদের অনুরোধ, তার চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলে অনামিকা আরও ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।’
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত