মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে
চরঝাপটা গ্রামে যৌথ অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ১টি চাপাতি ও ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সীগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামের মধ্যচর রমজানবেগ এলাকায় রহমান আলী মিঝির ছেলে
রাজন মিঝির (৫০) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআই মুন্সীগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, অভিযানের পর ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।