জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি
🔸উদ্বোধনী ম্যাচে টঙ্গীবাড়ির দাপুটে জয়
🔸 মিরকাদিম পৌরসভা ০-২ টঙ্গীবাড়ি
🔸 কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে আনুষ্ঠানিক পর্দা ওঠল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার বিকেলে শহরের মাঠপাড়াস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (জেলা স্টেডিয়ামে)
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি কামরুজ্জামান রতন এমপি উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। এরপর
উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
এদিকে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জেলার টঙ্গীবাড়ি উপজেলা ও মিরকাদিম পৌরসভা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলে মিরকাদিম পৌরসভাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টঙ্গীবাড়ি উপজেলা
দল।
উদ্বোধনী অনুষ্ঠানে সমানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টঙ্গীবাড়ি উপজেলা দল। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত সময়ের মধ্যে টঙ্গীবাড়ি দুই গোল করে। শেষ পর্যন্ত তারা জয় নিয়ে মাঠ
ছাড়ে।
অন্যদিকে, খেলা দেখতে বিকেল থেকেই স্টেডিয়ামে দর্শকদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় দলের সমর্থনে দর্শকদের করতালি ও
উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।
আয়োজকদের আশা এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌরসভার মধ্যে সৌহাদর্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে আগামী ২৪ আগস্ট।