মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি চোরাই অটোরিকশা, ১টি নকল হ্যান্ডকাফ ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শামীম ওরফে সৌরভ (৩২), বরগুনার আমতলীর উপজেলার শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর উপজেলার কাশেম ঢালী (৫০)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
তিনি জানান, গত ১৯ আগস্ট বিকেলে গজারিয়া থানা পুলিশের একটি দল চরবাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করার সময় পুলিশের সরঞ্জামসহ দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ তাঁদের থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে বড়কান্দি এলাকার একটি স্কুলের সামনে থেকে শামীম ওরফে সৌরভ ও শাকিবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভুয়া পরিচয় দিয়ে ধারাবাহিকভাবে চালকদের বিভ্রান্ত করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্য তথ্য অনুযায়ী জেলা পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সহযোগী হাবিবুরকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করে। পরে হাবিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকা থেকে কাশেম ঢালীকে গ্রেপ্তারসহ আরও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
খবর নিয়ে জানা যায়, গত রোববার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এই অভিনব কায়দায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এর পরদিন সোমবার বিকেলে পুরান বাউশিয়া গ্রামে বিল্লাল হোসেন নামে এক চালকের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। দুই যুবক নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে বিল্লালের অটোরিকশায় ওঠেন এবং মাদকবিরোধী অভিযানের কথা বলে কৌশলে গাড়িটি নিয়ে চম্পট দেন। শুধু এই দুই স্থানেই নয়, একই কায়দায় গত এক মাসে উপজেলার মধ্য ভাটেরচরসহ আরও একাধিক এলাকা থেকে বেশ কয়েকটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী চালক বিল্লাল হোসেন জানান, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে মাত্র কয়েক দিন আগেই উপার্জনের একমাত্র অবলম্বন এই অটোরিকশাটি কিনেছিলেন তিনি। গাড়িটি হারিয়ে তিনি এখন প্রায় দিশেহারা।
এদিকে চক্রের সদস্যদের আটকের খবর ছড়িয়ে পড়লে গজারিয়া থানার সামনে এসে ভিড় জমান চুরি যাওয়া অটোরিকশার ক্ষতিগ্রস্ত মালিক ও চালকেরা। তাঁদের দাবি, চুরি হওয়া অটোরিকশাগুলো যেন দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।#