মুন্সীগঞ্জের সিরাজদীখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ভরাটের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের পিছনের এলাকা এবং আরাফাত হাসপাতালের আশপাশে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযান সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ড্রেজার দিয়ে অবৈধভাবে জলাশয় ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে থাকা বালু ভরাটের পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, কৃষিজমি ও জলাশয় রক্ষায় সিরাজদীখানে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।