বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আমজাদ হোসেন ও হাসান আহমেদ, সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম, শামীম হাসান, বাদশা মিয়া, যাবেদ, আতিক, পিয়ার আলী মোল্লা, মাসুদ মোল্লা, নাছির, বাবু প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু দলকে নির্মূল করতে তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় এসব ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছে, তারাই এখন নতুন করে দেশবিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে।#