ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। যানজট ধীরে ধীরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ে যানজটে আটকে পড়ে সীমাহীন দুর্ভোগে পড়ে মানুষ।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, “গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় গর্তের সৃষ্টি হয়। যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার তা জরুরি ভিত্তিতে সংষ্কার করা হয়।
তিনি আরো জানান “ওই গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।”
খবর নিয়ে জানা যায়, মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়া চরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল আটটা থেকে সংস্কারকাজ শুরু হয়। এর পর থেকেই যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে গত রাতে হৃদ্রোগে আক্রান্ত এক রোগী মারা গেছেন। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঢাকাগামী বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, সকাল ছয়টায় ফেনী থেকে রওনা দিয়েছেন। তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছার কথা ছিল অথচ পৌনে সাত ঘণ্টা পর দাউদকান্দিতেই যানজটে আটকা আছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, শুক্রবার মেঘনা সেতু পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। এতে বেশ কিছু সময় ঢাকাগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ধীরে ধীরে কুমিল্লার সেনানিবাস পর্যন্ত এলাকায় যানজট পৌঁছে যায়।#