প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
নানার বাড়ির সম্পত্তি উদ্ধার করে দেওয়ার নামে দরিদ্র অটোরিকশাচালকের লক্ষাধিক টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা বাড়ির সম্পত্তি উদ্ধার করার কথা বলে নিরীহ এক অটোরিকশাচালকের লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওয়াসিম নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশাচালক বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
খবর নিয়ে জানা, ভুক্তভোগী অটোরিকশা-চালকের নাম মানিক মিয়া (৫৭)। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার মেঘনা উপজেলায় হলেও জন্মসূত্রে তিনি ঢাকায় বসবাস করতেন। তবে তাঁর নানার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে। প্রায় দুই দশক আগে গজারিয়ার হোসেন্দী এলাকায় জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মানিক মিয়া।
ভুক্তভোগী মানিক মিয়া জানান, প্রায় দশ বছর আগে আড়ালিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নাসিম ওরফে ওয়াসিম তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওয়াসিম দাবি করেন, মানিক মিয়া তাঁর নানির সূত্রে আড়ালিয়া গ্রামে প্রায় তিন কানি জমি পাবেন এবং কিছু টাকা খরচ করলে সেই জমি উদ্ধার করে দেওয়া সম্ভব। সচ্ছলতার আশায় তার কথায় রাজি হয়ে জমি উদ্ধারের জন্য তিনি ওয়াসিমকে প্রথমে ১০ হাজার টাকা দেন। এরপর বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে দফায় দফায় প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ওয়াসিম। কিন্তু দীর্ঘদিন পার হলেও জমির কোনো সুরাহা হয়নি। তিনি আরও জানান, গত দুই বছর ধরে অসংখ্যবার যোগাযোগ করা সত্ত্বেও কোনো সমাধান পাওয়া যায়নি। উল্টো ওয়াসিম এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে বাধ্য হয়েই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানিক মিয়ার মা নীলা বেগম বলেন, ' আমার ছেলে একেবারেই সহজ-সরল মানুষ সে কিছুই বুঝেনা। তার সাথে রীতিমতো প্রতারণা করে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। আমাদের অভাবের সংসার, টাকাগুলো ফেরত দিতে আমরা অসংখ্যবার ওয়াসিমকে অনুরোধ করেছিলাম। প্রথমে সে দিব দিচ্ছি বলে কালক্ষেপণ করলেও এখন রীতিমতো আমাদের হুমকি ধামকি দিচ্ছে।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিসির আলি বলেন, "ভুক্তভোগী পরিবারটি অন্তত ৭-৮ বার আমার কাছে এসেছে। বিষয়টি গ্রামের প্রায় সবাই জানে। অসহায় পরিবারটির টাকা কীভাবে আদায় করে দেওয়া যায় তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।"
এ বিষয়ে অভিযুক্ত মো. নাসিম ওরফে ওয়াসিম বলেন, 'আমি তাদের কাছে যাইনি তারাই বরং আমার কাছে এসেছিল। কাগজপত্র তোলার জন্য যা টাকা-পয়সা খরচ লেগেছে তারা শুধু সেটাই আমাকে দিয়েছে। এর বাহিরে আমাদের মধ্যে কোন টাকা পয়সা লেনদেন হয়নি। এমনকি আমি যে তাদের পিছনে অনেক সময় ব্যায় করেছি সেই পারিশ্রমিক টুকু তারা ঠিকমতো আমাকে দেয়নি।'
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, ' এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত