প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে ঠিকাদারকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ববিরোধের জেরে নুর মোহাম্মদ সরকার নামে এক ঠিকাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বাবা জাহাঙ্গীর হোসেন ১৫ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন ও দুলাল মিয়ার নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে নুর মোহাম্মদ সরকারের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুর মোহাম্মদ সরকার অভিযোগ করে বলেন, তিনি ও তাঁর পরিবার বিএনপির সমর্থক। অভিযুক্ত ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় থেকেই তাঁর পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে শুক্রবার মুসল্লিদের উপস্থিতিতে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে সুযোগ বুঝে দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। নুর মোহাম্মদ সরকার আরও বলেন, হামলার ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত