প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
গজারিয়ায় সরু ব্রিজে ভোগান্তি; প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় খালে ওপর একটি প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বর্তমানে সেখানে একটি পুরনো সরু ব্রিজ রয়েছে, যা এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি এতই সরু, মাত্র একটি অটোরিকশা উঠলেই পুরো পথ অবরুদ্ধ হয়ে পড়ে। এই অবস্থায় বিপরীত দিক থেকে অন্য কোনো অটোরিকশা বা ছোট যানবাহন তো দূরের কথা, পথচারী পার হওয়াও অসম্ভব হয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে আনারপুরা, ভিটিকান্দি, আলীপুর, পৈক্ষারপাড় গ্রামের মানুষ। এসব গ্রামের বাসিন্দাদের উপজেলা সদর ও ভবেরচর বাজারে যাতায়াতের এটিই প্রধান রাস্তা। প্রতিদিন মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শত শত শিক্ষার্থীকে এই সরু ব্রিজ পার হতে হয়। এছাড়া মুমূর্ষু রোগী পরিবহন এবং এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারে পৌঁছাতে স্থানীয়দের প্রতিনিয়ত পড়তে হচ্ছে বিপাকে। এই জনভোগান্তি নিরসনে অবিলম্বে সেখানে একটি প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে কাউছার আহমেদ ও স্থানীয় কয়েক জন জানান, এই সরু ব্রিজের কারণে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি গাড়ি উঠলে অপর পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।যোগাযোগের সার্বিক মানোন্নয়ন ও জীবনের ঝুঁকি এড়াতে অবিলম্বে একটি আধুনিক ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সুদৃষ্টি কামনা করছি।
এলাকাবাসীর এই দুর্দশা লাঘবে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ৪ গ্রামের সাধারণ জনগণ ও এলাকাবাসী।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত