মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নে সরকারি রাস্তার বহু বছরের পুরনো দুটি বিশাল গাছ কেটে আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল সভাপতির বিরুদ্ধে। আর একাজে তার সহযোগি ছিলো ইউনিয়ন আওয়ামীলীগের আরেক নেতা। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তৈরি হয়েছে আলোচনা। ইউনিয়নের গোহপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন সত্যতা পেয়েছে উপজেলা বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় প্রবাসী মোহাম্মদ সেলিম তার নিজ জমিতে মার্কেট নির্মাণ করতে গিয়ে সামনের সরকারি রাস্তার বড় দুটি গাছের কারণে বাধাগ্রস্ত হচ্ছিলেন। পরে বজ্রযোগিনী ইউনিয়ন যুবদলের সভাপতি মুস্তাক আহমেদ শিপু (শিপু মুন্সী) প্রবাসীর সঙ্গে ২০হাজার টাকা চুক্তি করেন। টাকার বিনিময়ে তারা ‘নিজ দায়িত্বে’ গাছ কেটে জায়গা খালি করে দেওয়ার আশ্বাস দেন। পরে চুক্তি অনুযায়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মীর লিটুকে নিয়ে সরকারি গাছ দুটি কেটে বিক্রি করে দেন। অপরাধ ঢাকতে গাছের গোড়াগুলোতে বালু চাপা দেওয়া হয়।
এদিকে বিষয়টি জানাজানি হলে বন বিভাগের প্রতিনিধি ঘটনস্থলে পরিদর্শন করে। এ সময় অভিযুক্ত শিপু মুন্সী বন বিভাগকে ‘অনুমতিপত্র আছে’ জানালেও তা দেখাতে পারেনি।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মীর লিটু বলেন, আমি এর সাথে জড়িত না। তবে আমি শিপু মুন্সীর সাথে এখন চলাচল করি। তাই কেউ আমরা নাম বলতে পারে। পরে আবারো প্রতিবেদককে ফোন করে সংবাদ নানার করার আবদার জানান তিনি।
এবিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও শিপু মুন্সী কল ধরেননি।
সদর উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, গাছ কাটা হয়েছে৷ আমি অসুস্থ থাকায় একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম দেখে আসার জন্য। জড়িত যারাই হউক এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।