প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে সার ডিলার পয়েন্ট পরিদর্শনে উপজেলা কৃষি কর্মকর্তা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সার ব্যবস্থাপনা সুসংহত ও কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন বিএডিসি ও বিসিআইসি সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজদীখান বাজারে এ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ডিলারদের রেজিস্টার, সারের মজুদ ও বিক্রয় খতিয়ান পরীক্ষা করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, লাল সালু কাপড়ে টাঙানো মূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কি না এবং ডিলাররা নিয়মিত ও সময়মতো সার উত্তোলন করছেন কি না, তা যাচাই করেন তিনি।
সিরাজদীখান বাজারের পাঁচটি দোকান ও গুদাম পরিদর্শন শেষে পুরো উপজেলায় সারের কৃত্রিম সংকট রোধ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে এলাকাভিত্তিক তদারকির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিএডিসি ও বিসিআইসি সার ডিলাররা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত