মুন্সীগঞ্জের সিরাজদীখান শিক্ষা ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে ট্রাস্টি বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিরাজদীখান শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সিরাজদীখান উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ. কে. এম. শামসুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় সিরাজদীখান শিক্ষা ট্রাস্টের চলমান কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ট্রাস্টের কার্যক্রমকে আরও কার্যকর, সময়োপযোগী ও জনকল্যাণমুখী করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।