প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
নাজমুল হাসান শাওন
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন মুন্সীগঞ্জ শহরের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তাকে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা।
উত্তর ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফয়সাল হোসেনের সঞ্চালনায় এবং উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ সদস্য মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পঞ্চায়েত সদস্য মো. শহিদুল্লাহ বেপারী এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর ইসলামপুর পঞ্চায়েত কমিটির সদস্য মো. গোলজার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সাধারণ সম্পাদক রায়হান কবির, স্থানীয় সমাজসেবক হাজি মো. নজরুল ইসলাম, হাজি জজমিয়া, শাহজালাল ভূইয়া, মো. মনির হোসেন, যুবদল নেতা বুরজাহান ঢালী, সিরাজ পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বাবা-মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। আর শিক্ষক সেই সন্তানকে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন। মমতাজ বেগম দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁদের অনেকে এখন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।
মমতাজ বেগমের কর্মজীবনের প্রশংসা করে ইউএনও বলেন, ‘আমি যতটুকু জেনেছি, আমাদের এই বিদায়ী প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে দিনরাত কাজ করেছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দের আশায় না থেকে নিজের বেতনের টাকাও খরচ করেছেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা না থাকলে কেউ এমনটা করতে পারেন না। তিনি অন্য শিক্ষকদের জন্যও আদর্শ হতে পারেন।’
মমতাজ বেগমের শিক্ষকতায় ৩২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর অবসরজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন বলেন, ‘মমতাজ বেগম সত্যিকারের একজন মানুষ গড়ার কারিগর। তাঁর অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করছেন। এমন একজন গুণী মানুষকে বিদায় দেওয়া কষ্টের। তবে এটি আমাদের জন্য কিছুটা আনন্দেরও। তাঁর কাজ তাঁকে সম্মানের চূড়ায় পৌঁছে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রামের পক্ষ থেকে তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি পেশাগত দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন, তবে একজন আদর্শ মানুষ ও শিক্ষক হিসেবে সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’
এদিন বেলা সোয়া ১২টার দিকে মমতাজ বেগম বিদ্যালয়ে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামের মানুষের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট, ফুলের মালা এবং গৃহস্থালির কাজে ব্যবহারের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।