মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীকে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ করায় সেলিনা আক্তার (৩৪) নামে দুই সন্তানের এক জননীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার বাউশিয়া সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় একটি সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
সেলিনা আক্তার উপজেলার বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রামের আওলাদ প্রধানের মেয়ে এবং ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী আকরাম হোসেন দীর্ঘদিন ধরে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে একাধিকবার কথা বলেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে গত ২ সেপ্টেম্বর ভবেরচর এলাকায় একটি ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি।
সেলিনা আক্তারের দাবি, এ সময় তিনি ঘটনার প্রতিবাদ করলে তাঁর স্বামী ও ওই নারী ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান। দুজন মিলে তাঁকে মারধর করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এঘটনায় তিনি গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আকরাম হোসেন ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকার বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।