সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে শহরের শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় পুরো শহরজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মুন্সীগঞ্জবাসীর মধ্যে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। এছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।
জন্মাষ্টমী উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন।