বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার, অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি-র আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নির্দেশক্রমে লৌহজংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজার বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. হাবিবুর রহমান অপু চাকলাদারের নেতৃত্বে ঘোড়দৌড় বাজার প্রধান কার্যালয় থেকে মালিঅংক বাজারে এসে প্রতিবাদ সভায় শেষ হয়। মালিঅংক এসে অপু চাকলাদার তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, গণমানুষের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন, তাদের প্রতি আমরা স্পষ্টভাবে বলতে চাই—এ ধরণের মিথ্যা ও কটূক্তিপূর্ণ আচরণ ভবিষ্যতে যেন আর কেউ না করেন।
আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যে দেশের সাধারণ জনগণ ক্ষুব্ধ। মনে রাখবেন, এমন মিথ্যাচার আর কুরুচিপূর্ণ অপপ্রচার যদি চলতে থাকে, তবে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই না, আপনাদের এমন অসভ্য আচরণের কারণে দেশের পরিবেশ উত্তপ্ত হোক।"
উপদেষ্টাগনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এবার আপনারা ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন।দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় এটিই এখন জনগণের প্রধান দাবি।"
উক্ত সভায় লৌহজং উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।