বৃহস্পতিবার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ও গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ে চলমান শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন এবং পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মননশীলতা ও সৃজনশীল বিকাশে বিদ্যালয়ের পরিবেশকে আরও আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বাগান করার জন্য প্রধান শিক্ষককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত পরিবেশ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।