সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন,
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। রোববার রাতে কারেন্ট জাল কারখানায় অভিযান শেষে উপরোক্ত কথা বলেন
মুন্সীগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম।
এর আগে তার নেতৃত্বে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার আদারিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ১০ হাজার রিল জব্দ করা হয়। পরে জব্দ করা রিলগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মাবুদসহ নৌপুলিশের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা অংশ নেন।