মুন্সীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে আগামী পাঁচ বছরে ৯০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। গতকাল রোববার গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ পক্ষ পালন করা হয়েছে। বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থীই বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত নয়। তাদের গাছ চেনানো এবং প্রকৃতির প্রতি আগ্রহী করে তুলতে প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রোস্টার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায়ও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, বৃক্ষ মেলায় জেলা প্রশাসনের এ উদ্ভাবনী উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘একটি শিশু, একটি গাছ’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকারের নির্দেশনা ও জেলা প্রশাসনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৫ বছরে ৯০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর উপস্থিতি এ উদ্যোগকে আরও উৎসাহিত করছে।
তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জের প্রায় ১৭ লাখ মানুষের একটি বড় অংশ প্রবাসে কর্মরত। মধ্যপ্রাচ্য ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে বাজার ভিত্তিক টেকনিক্যাল ট্রেড চালু এবং ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সরকারের সব পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাবে।