পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, "আমাদের সন্তানেরা যদি নিঃশ্বাসই নিতে না পারে তাহলে শিল্পায়ন দিয়ে কী হবে? এখানে যে পলিউশনটা হচ্ছে সেটার জন্য সবাই বিশেষ করে এখানকার যারা শ্রমিক আছে এবং বাইরে যারা আছে তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
রোববার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্ধারিত সফরসূচির বাইরে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ ইস্পাত মিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এর আগে স্থানীয় সচেতন মহল কাছে পেয়ে পরিবেশ প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যার পর আকিজ ইস্পাত মিল থেকে অনাবরত নির্গত হয় কালো ধোঁয়া। কোম্পানিটির একপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অন্যপাশে গজারিয়া থানা, হাইওয়ে থানা এবং আধা কিলোমিটারের কম দূরত্ব রয়েছে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মহাসড়কের চলাচলাকারী যানবাহন চালক, স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালের রোগী সবাই কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এরপরই প্রতিমন্ত্রী তার নির্ধারিত সফরসূচির বাইরে গিয়ে আকিজ ইস্পাত মিল পরিদর্শন
করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "আমাদের উন্নতির জন্য উৎপাদনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার; কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে, যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।"
শিল্প প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা জিনিসটা জানলাম, আপনাদের অভিযোগ পেলাম; এখন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি কতটুকু এটা ইমপ্যাক্ট ফেলছে বা ক্ষতি করছে সেটা আমরা ইভালুয়েট করে দেখব। তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। আমাদের পরিবেশের যারা আছে। যারা এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি এগুলো নিয়ে কাজ করে তারা বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।"
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নদীয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।