প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শহরের পাইকারি বাজারে সকাল ৮টা পর্যন্ত বেচাকেনার সময় নির্ধারণ করে দেওয়া হলেও তা মানছেন না অনেক ব্যবসায়ী। নির্ধারিত সময় পার হওয়ার পরও সড়ক দখল করে দোকান ও পণ্যসামগ্রী নিয়ে ব্যবসা পরিচালনা করায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, রিকশা-অটোরিকশার চালকসহ সাধারণ মানুষকে।
বিশেষ করে শহরের সাব-রেজিস্ট্রেশন অফিস এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত সড়কে সকাল ৮টার পর যানজট যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সকাল ১০টা পর্যন্ত অনেক ব্যবসায়ী সড়কের ওপর পণ্য সাজিয়ে ও রাস্তার জায়গা দখল করে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। ফলে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। একদিকে রাস্তার ওপর পণ্যসামগ্রী, অন্যদিকে ক্রেতাদের ভিড়—সব মিলিয়ে ব্যস্ত সড়কটি পরিণত হচ্ছে যানজটের কেন্দ্রে।
শহরবাসীর অভিযোগ, পাইকারি বাজারের জন্য সময়সীমা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। নিয়ম ভঙ্গ করে ব্যবসা চললেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ না নেওয়ায় ব্যবসায়ীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন। এতে শুধু যানজটই নয়, জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকেও পড়তে হচ্ছে ভোগান্তিতে।
শহরের একাধিক পথচারী বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্ধারিত সময়ের পর রাস্তায় ব্যবসা করার সুযোগ দেওয়া হলে সময় বেঁধে দেওয়ার প্রয়োজন কী? নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর করা দরকার। সকাল ৮টার পর সড়ক ফাঁকা রাখার নির্দেশনা থাকলে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শহরের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
এদিকে, বর্তমানে জুবিলী রোডে সংস্কারকাজ চলমান থাকায় শহরের অন্য বা পুরাতন সড়কের ওপর যানবাহনের চাপও বেড়েছে। এর মধ্যে পাইকারি ব্যবসায়ীদের সড়ক দখল করে বেচাকেনা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
নারায়ণগঞ্জে নিয়মিত যাতায়াত করেন শহরের বাসিন্দা মো. জসিম। তিনি বলেন, আমি নারায়ণগঞ্জ যাতায়াত করি। জুবিলী রোডে সংস্কারকাজ চলছে। সকাল ৮টার পর এই সড়ক দিয়ে যেতে রিকশায় ১৫ মিনিটের বেশি সময় লাগে যানজটের কারণে। অথচ স্বাভাবিক সময়ে দুই মিনিটেই এখানে যাওয়া যায়।
তিনি আরও বলেন, রাস্তার ওপর ব্যবসা করার কারণে যানজট তৈরি হচ্ছে। নির্ধারিত সময়ের পর রাস্তা দখল করে ব্যবসা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
স্থানীয় পথচারীদের ভাষ্য, সকাল থেকে শহরের এই অংশে রিকশা, অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চাপ থাকে। এর সঙ্গে রাস্তার ওপর পাইকারি পণ্য ওঠানামা ও বেচাকেনা চলতে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। অনেক সময় একটি যানবাহন আটকে গেলে তার পেছনে দীর্ঘ সারি তৈরি হয়। ফলে অল্প দূরত্ব অতিক্রম করতেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ব্যবসায়ীদের সড়ক দখলের কারণে শুধু যানবাহন নয়, হেঁটে চলাচলকারী মানুষেরও সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে পথচারীদের যানবাহনের মাঝ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন নাগরিকদের মতে, একটি শহরের যানজট নিরসনে বাজার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাইকারি বাজারে নির্দিষ্ট সময়ে পণ্য ওঠানামা ও বেচাকেনা শেষ করা গেলে দিনের বাকি সময়ে শহরের পুরাতন সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব। কিন্তু নির্দেশনা বাস্তবায়নে শিথিলতা থাকলে কোনো ব্যবস্থাই কার্যকর হবে না।
নগরবাসীর দাবি, সকাল ৮টার পর সড়ক দখল করে পাইকারি বেচাকেনা সম্পূর্ণ বন্ধ, বাজার এলাকায় নিয়মিত তদারকি এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে জুবিলী রোডের সংস্কারকাজ চলাকালীন বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শহর বাজার সমিতির সভাপতি মো. এনামুল হক বলেন, আমরা একাধিকবার তাদেরকে বলেছি সকাল ৮ তার পর সড়কে পাইকারি ব্যবসা করা যাবেনা। স্হায়ী দোকানদারাও এতে অস্বস্তিবোধ করছেন। যেহেতু ইজারা দেয় পৌরসভা, তাদের কঠোর তদারকি করতে হবে। আমরা ব্যবসায়ী সমিতি চেষ্টা করছি।