শহরের প্রধান সড়কেসমূহে সড়ক বিভাজকে থাকা পুরাতন লাইট পোল অপসারণ শুরু
🔸যেসব সড়কে ঘাটতি, সেখানে পুনঃস্থূপন
মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধন ও রাত্রিকালীন চলাচল নিরাপদ করে তুলতে পৌর এলাকার প্রধান সড়কসমূহে আধুনিক প্রযুক্তির দৃষ্টিনন্দন বাটারফ্লাই স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। তাই সোমবার থেকে রোড আইল্যান্ডে থাকা পুরাতন স্ট্রিট লাইট পোল সেট সম্পূর্ণভাবে মাটি খুঁড়ে ও বিচ্ছিন্ন করে অপসারণ করা হচ্ছে।
অন্যদিকে অপসারিত সকল পোল, ফিটিংস ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি যথাযথ হিসাব সংরক্ষণপূর্বক পৌরসভার অধীনে নিরাপদে মজুত রাখা হচ্ছে। পৌরসভার যেসব সড়ক বা ওয়ার্ডে সড়কবাতির ঘাটতি রয়েছে, সেখানে স্থানীয় চাহিদা ও উপযোগিতা যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে পুরাতন স্ট্রিট লাইট পোল পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম।
এদিকে পৌর এলাকার প্রধান সড়কে আধুনিক প্রযুক্তির দৃষ্টিনন্দন বাটারফ্লাই স্ট্রিট লাইট স্থাপন করায় বর্তমানে প্রধান সড়কে আলোর মান বৃদ্ধির পাশাপাশি নগরীর সৌন্দর্য বহুলাংশে বেড়েছে।
পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পৌরসভার প্রধান সড়কে আধুনিক বাতি প্রতিস্থাপন কার্যক্রম শুরুর অংশ হিসেবে সম্প্রতি শহরের রেড ক্রিসেন্ট মোড় থেকে সুপার মার্কেট চত্বর এবং পতাকা-৭১ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়ক বিভাজকে (রোড আইল্যান্ড) নতুন বাটারফ্লাই স্ট্রিট লাইট চালু করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সড়ক বিভাজকে থাকা পূর্বের পুরাতন স্ট্রিট লাইট পোলগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সড়কে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সৌন্দর্য বজায় রাখতে এসব পুরাতন পোল ও মাটির নিচে থাকা বেইজ অপসারণের কাজ করছে পৌর কর্তৃপক্ষ।