প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বুধবার সকালের তথ্য অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮২ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত জেলা ও উপজেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি পর্যায়সহ জেলায় ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যুর খবর রয়েছে। এর মধ্যে একজন বেসরকারি স্কুলের শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, প্রতিদিন ৩০ থেকে ৪০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, বোতল, টায়ার, নির্মাণাধীন ভবন কিংবা ছাদে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। শিশুদের বিশেষভাবে মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে, যাতে আক্রান্ত ব্যক্তিকে কামড় দেওয়া এডিস মশার মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়। একই সঙ্গে হাসপাতাল, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলার সচেতন নাগরিকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জের প্রতিটি এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের নিজেদের বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণে আরও সচেতন হতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
একদিনে, ৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি এবং বর্তমানে ৮৯ জন চিকিৎসাধীন থাকার ঘটনায় মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে কি না—এমন প্রশ্নও দেখা দিয়েছে। তাই পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত