মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর আটআনী গ্রামে পৈতৃক ও খরিদাসূত্রে প্রাপ্ত জমিতে অনাধিকার প্রবেশ করে ফলজ গাছগাছালি কেটে ফেলা এবং হত্যা হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
এই ঘটনায় ভুক্তভোগী মিনা বেগম ওরফে আঙ্গুরী বেগম গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইমামপুর ইউনিয়নের অন্তর্গত ইমামপুর মৌজার আরএস ৩৬০ দাগসহ বেশ কয়েকটি দাগে মোট ৮৪ শতাংশ জমি পৈত্রিক ও খরিদাসূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল ও বসবাস করে আসছেন মিনা বেগম ওরফে আঙ্গুরী ও তাঁর পরিবার। স্থানীয় সাত্তার আক্তার মাষ্টার (৬৮), কামরুল হাসান টিটু (৪৩) ও অপু (৪০)-সহ কয়েকজনের সাথে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
ভুক্তভোগী মিনা বেগম বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে দুটি মামলা চলমান থাকার পরও বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বিবাদীরা জোরপূর্বক আরএস ৩৬০ দাগের ৩৯ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে। সেখানে রোপণ করা বিভিন্ন ফলজ ও শাক সবজির গাছ কেটে ফেলে। এতে আমার দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়। ঘটনার সময় বাধা দিলে বিবাদীরা আমাকে ও আমার বোন লাকী আক্তারকে গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়।'
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত আব্দুস সাত্তার মাস্টার বলেন, ' এ জায়গা আমাদের আমরা সেখানে গাছগাছালি রোপন করেছি। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় জায়গাটি জঙ্গল হয়েছিল। আমরা মূলত আগাছা পরিষ্কার করতে গিয়েছিলাম। আগাছা এবং কিছু ডালপালা কেটে জায়গাটি পরিষ্কার করা হয়েছে।'
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, ' এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু গাছ ও ডালপালা কর্তনের ঘটনার ঘটেছে। শুনেছি উক্ত জায়গা নিয়ে দেওয়ানী মামলা চলমান। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'