দয়াল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
৫ হাজার বর্গ মিটার কারেন্ট জাল ও ৪২ হাজার রিল জব্দ
🔸 জব্দ করা কারেন্ট জাল ও রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
🔸উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহবান ইউএনও'র
🔸সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান সদর মৎস্য কর্মকর্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় অভিযান চালিয়ে জাল উৎপাদনের একটি কারখানা থেকে ৫ হাজার বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার রিল জব্দ করা হয়। একই অভিযানে কারখানায় কর্মরত সেন্টু নামের এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা এবং ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে জব্দ করা কারেন্ট জাল ও তৈরীর রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে সহযোগিতা করেন মুক্তারপুর নৌ-পুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
ভ্রাম্যমাণ আদালত। এ সময় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সংশ্লিষ্ট সকলকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার হতে বিরত থাকতে বলেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অবৈধ এই ক্ষতিকর জালের বিরদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।