মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও (মারকাজ মসজিদ সংলগ্ন) ও শহরাঞ্চলের দক্ষিণ কাগজি পাড়া এলাকায় পৃথক অভিযানে একজনকে ৬ মাস ও ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার দক্ষিণ কাগজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক তানসেন বেপারী নামের একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তানসেনের বাড়ী কাগজীপাড়া এলাকায়।
অপরদিকে বিকেল ৫টার দিকে শহরের উপকন্ঠ
নতুনগাঁও (মারকাজ মসজিদ সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে আটক রিয়াদ ও রাব্বী নামের দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। দন্ডপ্রাপ্ত রিয়াদ সিপাহীপাড়া এলাকার এবং রাব্বী নয়াগাঁও এলাকার বাসিন্দা।