প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সভা
সিরাজদীখান প্রতিনিধি
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু ও মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত