প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই—দুই বছর ধরে ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক আলী হোসেনের বিরুদ্ধে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন না করে প্রায় দুই বছর ধরে লতব্দী ইউনিয়ন ভূমি কার্যালয়ে কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করে পরে চলে যান ইউনিয়ন ভূমি কার্যালয়ে।
সম্প্রতি সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে হাজিরা খাতায় আলী হোসেনের স্বাক্ষর পাওয়া গেলেও কার্যালয়ে তাঁর উপস্থিতি পাওয়া যায়নি। পরে লতব্দী ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে তাঁকে সেখানে পাওয়া যায়। ওই কার্যালয়ে তিনি উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব)-এর অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে আলী হোসেনের পদায়ন হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে। এরপর থেকে তিনি উপজেলা কার্যালয়ে হাজিরা দিয়ে নিয়মিত লতব্দী ইউনিয়ন ভূমি কার্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তবে উপজেলা কার্যালয়ের পদে কর্মরত থাকা অবস্থায় ইউনিয়ন ভূমি কার্যালয়ে তাঁর দায়িত্ব পালনের বিষয়ে কোনো লিখিত আদেশ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন না করে অন্য কার্যালয়ে কাজ করার পাশাপাশি হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা আলী হোসেনের কর্মস্থল নির্ধারণের আদেশ, দায়িত্ব পালনের অনুমোদন, হাজিরা খাতা এবং গত দুই বছরের উপস্থিতির তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ছাড়া আলী হোসেনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, দীর্ঘদিন একই এলাকায় ভূমি কার্যালয়ের সঙ্গে যুক্ত থাকায় তিনি স্থানীয়ভাবে প্রভাব ও পরিচিতি তৈরি করেছেন। নামজারিসহ বিভিন্ন ভূমিসেবা নিতে তাঁর মাধ্যমে কাজ করানো হয় বলেও অভিযোগ রয়েছে।
লতব্দী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আলী হোসেন দীর্ঘ ১০ থেকে ১১ বছর ধরে এই ভূমি কার্যালয়ের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন একই এলাকায় থাকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত হয়ে উঠেছেন। তাঁর মাধ্যমে নামজারিসহ বিভিন্ন কাজ করানো হয়।
মোহাম্মদ আলীর অভিযোগ, নামজারির জন্য নির্দিষ্ট কোনো টাকা নেওয়া হয় না। কাজের ধরন ও ব্যক্তিভেদে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে আলী হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমি আপনার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলছি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, ‘বিষয়টি আমি অবগত ছিলাম না। আপনার মাধ্যমে অবগত হলাম। পোস্টিংয়ের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে খোঁজ নিয়ে বলতে হবে। আর নামজারির যে অভিযোগ রয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত