প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে প্রশাসনের সহযোগিতা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, অবৈধভাবে ফসলি জমি বালু দিয়ে ভরাট, নিমতলা ও সিরাজদীখান বাজারের যানজট নিরসন, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, কোনো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ও সেবন ছেড়ে বৈধ ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। মাদক ব্যবসা থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসতে আগ্রহীদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রশাসনের সহযোগিতা থাকবে।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া অবৈধভাবে ফসলি জমি বালু দিয়ে ভরাট বন্ধ, নিমতলা ও সিরাজদীখান বাজারের যানজট নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত