মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষসহ কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, অভিভাবক সদস্য মো. জামাল হাওলাদার, শিক্ষক প্রতিনিধি মো. আসলাম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইজুদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।