মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরআটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে একটি বালুর গদিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় দেড় কিলোমিটার বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। অভিযানে নৌপুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংহেরআটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে স্থানীয় এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে—এমন অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে তাৎক্ষণিক কোনো দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইন বিনষ্ট এবং একটিb ড্রেজার বিকল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।