মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটে মাদক, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেরহাট নবীন সংঘ ও নাগেরহাট গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা এলাকায় মাদক, সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি লিটন বেপারীর ওপর মিথ্যা অপবাদ দিয়ে বর্রব হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।
নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম, নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা, নাগেরহাট নবীন সংঘের সাবেক সভাপতি আজাদ দেওয়ান, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজান সরকার, প্রচার সম্পাদক মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।